আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। আপাতত অস্থায়ীভাবে এই পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. কলকাতায় বাম ও সিজেপির মিছিল

    নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে শুক্রবার কলকাতায় মিছিল করল 'ককরোচ জনতা পার্টি' বা সিজেপি। দিন কয়েক আগে এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করলেও পুলিশের অনুমতি মেলেনি। তাই বামেদের পূর্বঘোষিত মিছিলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

    নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ, শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফেরানো এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলো।

    সেখানেই সমবেত হয় কলকাতায় সিজেপির সমর্থকরা। একইসঙ্গে ছাত্র ও যুবসম্প্রদায়েরও অনেকে এই মিছিলে যোগ দেন। শহর ও শহরতলি থেকে অনেকেই নির্ধারিত সময়ের আগেই সমবেত হয়েছিলেন শিয়ালদহে।

    যন্তর মন্তরে আন্দোলনরতদের প্রতি সমর্থনের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি তোলেন মিছিলে সামিলরা। বিবিসি বাংলার প্রতিনিধি ময়ূরী সোম বলেছেন, “কাতারে কাতারে মানুষ এসে সমবেত হয়েছেন মিছিলে যোগ দেওয়ার জন্য। ছাত্র ছাড়াও চাকরিজীবীদের অনেকেও এই কর্মসূচিতে সামিল হয়েছেন।”

    শুক্রবার কলকাতাতে কংগ্রেসেরও একটা মিছিল ছিল। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মতলায় রাস্তায় বসে বিক্ষোভও দেখান কংগ্রেস সমর্থকরা।

  2. ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন কায়সার কামাল

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় এখন থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    এর পাশাপাশি, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

    এ বিষয়ে আজ বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, "আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিন আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।"

    "একইভাবে ডেপুটি স্পিকারও যখন শপথ নেন, তখন শপথের অংশে বর্ণিত থাকে যে কোনো কারণে স্পিকারের চেয়ার শূন্য থাকলে ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন," বলেন মি. আহমদ।

  3. মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারকে শ্রদ্ধা ও সমর্থন করেছেন: মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে স্পিকার

    বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন "মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে, তার প্রতি তিনি সবসময়ই সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বলে আমার মনে হয়" বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    আজ বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

    রাষ্ট্রপতির পদত্যাগের মতো একটি গুরুতর ঘটনার সাথে দেশের ভালো-মন্দ জড়িত উল্লেখ করে তিনি বলেন, "রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন। তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন। লিখিতভাবে জানিয়েছেন যে তিনি কী কী রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। যেখানে তিনি নিজেই এটি দাবি করেছেন। এজন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই।"

    "সুতরাং, আমরা আশা করি, এ পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে," বলেন তিনি।

    তিনি জানান, এর আগেও বিভিন্ন সময় রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতির পদত্যাগের পর "এই চেয়ার তো কখনোই শূন্য থাকে না। সুতরাং, স্পিকার হিসেবে আমি এই পদত্যাগপত্র গ্রহণ করেছি, এটিই হলো বাস্তবতা।"

    হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনের শুরুতে জানান, সংবিধানের ৫০ অনুচ্ছেদের তিন দফা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ বিকেল ৫টা এক মিনিটে তার কাছে জমা দিয়েছেন।

    "ফলশ্রুতিতে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।"

    "তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। স্পিকার হিসেবে আমি এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। ইতোমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিন আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়," জানান তিনি।

  4. যে কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি

    "“গুরুতর অসুস্থ” এই কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    তিনি আজ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

    স্পিকারের উদ্দেশে স্বাক্ষরিত পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, "আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় অটোনোমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে।"

    "এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন।"

    তিনি আরও লিখেন “এমতাবস্থায়, সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি।”

    বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

  5. রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

    বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করার তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    রাষ্ট্রপতি নিজেকে “গুরুতর অসুস্থ” দাবি করে পদত্যাগ করেছেন বলেও তিনি জানান।

  6. শিক্ষার্থীদের আন্দোলনে শামিল না হওয়ার পরামর্শ দিল্লির দুই বিশ্ববিদ্যালয়ের

    জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) তার ছাত্রছাত্রী এবং শিক্ষাবিদদের দিল্লির যন্তর মন্তর বা তার আশেপাশে আয়োজিত যেকোনো সমাবেশে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছে। এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের একই কথা জানিয়েছিল।

    জেএনইউ-এর তরফে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানানো হয়েছে , “জেএনইউ-এর শিক্ষাঙ্গনের সকল সদস্যকে দায়িত্বশীল আচরণ করতে এবং নিজেদের ব্যক্তিগত সুরক্ষাকে অগ্রাধিকার দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। গণবিক্ষোভ সংক্রান্ত ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আপনাদের নয়া দিল্লির যন্তর মন্তর বা তার আশেপাশে কোনো ধরনের সমাবেশে যোগদান করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।”

    “দায়িত্বের সঙ্গে সামাজিক মাধ্যম ব্যবহার করুন। এর লঙ্ঘন প্রযোজ্য আইন এবং বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কারণ হতে পারে। এছাড়াও আপনাদের কাছ থেকে শিক্ষাগত দায়িত্ববোধ এবং দায়িত্বশীল নাগরিকত্বের মূল্যবোধ মেনে চলার প্রত্যাশা রয়েছে।”

    এর আগে, দিল্লি বিশ্ববিদ্যালয় সেখানকার ছাত্রছাত্রীদের যন্তর মন্তরের বিক্ষোভে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলেছিল। এই নির্দেশের পর, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মন্তব্য করেন যে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের 'হুমকি' দিতে পারে না।

  7. পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে বঙ্গভবনের একাধিক সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে।

    মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পেশ করার জন্য আজ শুক্রবার বিকাল ৪টার দিকে বঙ্গভবন থেকে কয়েকজন কর্মকর্তা জাতীয় সংসদের উদ্দেশে রওনা হন। সেখানে ওই কর্মকর্তারা স্পিকারের কাছে মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র পেশ করবেন।

    নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার।

    এ ব্যাপারে বিকেল পাঁচটায় সংসদে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

    যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। অর্থাৎ, তার মেয়াদের আরও প্রায় এক বছর নয় মাস বাকি ছিল।

    ২০২৩ সালের ২৪শে এপ্রিল, তিন বছর তিন মাস আগে, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

  8. সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি

    ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করার পর 'ককরোচ জনতা পার্টির' নেতারা জানিয়েছেন, তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসবেন না।

    পাশাপাশি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর যে সমস্ত শিক্ষার্থী আত্মহত্যা করেছিল, তাদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়েছে। একইসঙ্গে আন্দোনের সঙ্গে যুক্ত যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাও প্রত্যাহার আবেদন করা হয়েছে সরকারের কাছে।

    শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সরকারের দুই শীর্ষ মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধি।

    শনিবার দুই পক্ষের মধ্যে তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা।

    সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, “ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারণ ছাড়া অন্য কিছু মেনে নেওয়া হবে না।”

    তিনি দাবি করেন অন্য দুটি শর্ত মেনে নিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে শনিবার জানানো হবে বলে মন্ত্রীরা তাদের জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, “ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সরকার কাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করব সরকার তাকে সরিয়ে দেবে।”

    অন্যদিকে, সিজেপির সঙ্গে দ্বিতীয় দফায় দুই ঘণ্টার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, “আমরা তাদের দাবিগুলো শুনেছি এবং জানিয়েছি যে আমরা এই নিয়ে আবার কথা বলব।"

    শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজেপি মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেন যে, দিল্লি পুলিশ যন্তর মন্তরের আশেপাশে বিক্ষোভকারী, স্বেচ্ছাসেবক এবং এমনকি আইনজীবীদেরও আটক করছে।

    তিনি বলেন, “এই বিষয়টা সরকারের কাছে উত্থাপন করা হলে, সরকার প্রথমে অভিযোগ অস্বীকার করলেও প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছে যে, এমন ঘটে থাকলে তা বন্ধ করার জন্য দিল্লি পুলিশকে যথাযথ নির্দেশ দেওয়া হবে।”

  9. বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ শুল্ক, প্রতিযোগিতা সক্ষমতা বাড়ার দাবি সরকারের

    জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাজারে প্রবেশের ক্ষেত্রে ১০ শতাংশ হারে শুল্ক বসবে বাংলাদেশি পণ্যে।

    তবে শুল্কের এই হার বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম হওয়ায় রপ্তানির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় থেকে বলা হয়, নতুন শুল্ক ব্যবস্থা আজ থেকে কার্যকর হয়েছে।

    আর নতুন কাঠামোয় দেশভেদে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা বিদ্যমান এমএফএন (মোস্ট ফেভার্ড নেশন) শুল্কের অতিরিক্ত।

    সরকারের তথ্য অনুযায়ী, বিশ্বের ৮৬টি দেশের মাঝে মাত্র ১৭টি দেশের জন্য সর্বনিম্ন শুল্ক নির্ধারণ করা হয়েছে।

  10. রাষ্ট্রপতি ইস্যুতে সংসদে সংবাদ সম্মেলন বিকেল পাঁচটায়

    বাংলাদেশের রাষ্ট্রপতি ইস্যুতে আজ শুক্রবার বিকাল পাঁচটায় সংসদে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সরকারের একাধিক সূত্র এই খবর নিশ্চিত করেছে।

    আজই তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে বঙ্গভবনের একাধিক সূত্রে জানা গেছে।

    মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন- এমন খবর নিয়ে গত দুই দিন ধরেই আলোচনা চলছে বাংলাদেশের গণমাধ্যমে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হচ্ছে।

    অন্যদিকে, থাইল্যান্ডে সফর সংক্ষিপ্ত করে দুদিন আগে আজ শুক্রবার দেশে ফিরেছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন।

    সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে ওই পদে নির্বাচন না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

  11. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিএনপি সরকার পদত্যাগ করতে বলেনি, তবে তিনি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত চুক্তিটি কার্যকর হবে।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আবারও একশ ডলার ছাড়িয়ে গেছে। গত মে মাসের পর এবারই প্রথম তেলের দাম একশ ডলার পার হলো।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে অবস্থানরত সকল দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য।
    • যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান।
    • বাংলাদেশ পুলিশ ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বিএনপি সরকার।
    • আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
    • অতিবৃষ্টিতে বন্যা ও পাহাড় ধসের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭শে জুলাই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • চলমান যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য ওয়াশিংটনকে সতর্ক করেছে মস্কো।
    • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার বলেছেন, ইয়েমেনের হুথিরা ইরানের “প্ররোচনায়” লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে।
  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে