লাইভ, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক মঙ্গলবার
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে মঙ্গলবার বৈঠক করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে ২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
প্রশ্নফাঁস রুখতে ভারতের লোকসভায় বিল পেশ, বিক্ষোভ বিরোধীদের
ছবির উৎস, ANI
ছবির ক্যাপশান, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে ভারতের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী (বাঁয়ে) - ফাইল ছবি
ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরির্বতন আনতে লোকসভায় আজ একটি নতুন বিল পেশ করেছে নরেন্দ্র মোদীর সরকার।
প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে প্রশ্নফাঁস রুখতে কঠোর পদক্ষেপ নেবে তার সরকার। এমনকি পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার জন্য একটি টাস্ক ফোর্সও তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
তারপর আজ সোমবার পার্লামেন্টে এই বিল পেশ হয়। বিলটির নাম দেওয়া হয়েছে পাবলিক এগ্জ্যামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬।
বিলটি আইনে রুপান্তরিত হলে যে কোনও পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসে অভিযুক্তদের ১০ বছরের জেল ও ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
ককরোচ জনতা পার্টি ও ছাত্রযুবদের লাগাতার আন্দোলনের ফলে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে দায়িত্ব নিয়েছেন প্রহ্লাদ যোশী। তার পরেই সরকার একের পর এক ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছে।
লোকসভায় বিলটি পেশ হতেই বিরোধীদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। সংশোধনী বিল নিয়ে যথেষ্ট আলেচনার দাবিতে হট্টোগোলের জেরে সংসদের দুই কক্ষের অধিবেশন মুলতবি হয়ে যায়।
ছবির ক্যাপশান, ফেসবুকে ‘তান্ত্রিক’ সেজে বাংলাদেশ-ভারতে প্রতারণা করা চক্রের তিনজন গ্রেফতার
ফেসবুকে ‘তান্ত্রিক’ পরিচয়ে স্বামী-স্ত্রীর সম্পর্ক জোড়া লাগানো ও জাদুটোনা দূর করার নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
চক্রটি ভারতীয় সিম ও গুগল পে ব্যবহার করে ভারত থেকেও অর্থ সংগ্রহ করতো বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, আসামীরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। চক্রটি "তান্ত্রিক কবিরাজ", "হোসেন কবিরাজ", "আসমা কবিরাজ" এবং "রহমত আলী কবিরাজ" নামে ভুয়া ফেসবুক আইডি ও ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে তান্ত্রিক পরিচয়ে স্বামী-স্ত্রীর সম্পর্ক জুড়ে দেয়া ও জাদু টোনা দূর করার নামে যোগাযোগ স্থাপন করতো। এরপর তারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি একসঙ্গে করে ধরে রাখতে নির্দেশ দিত। এর ফলে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ায় ভুক্তভোগীদের গুরুতর ক্ষত সৃষ্টি হয়।
পরে ওই ক্ষত জ্বীনের মাধ্যমে সারিয়ে দেওয়ার আশ্বাস এবং জ্বীনের ভয় দেখিয়ে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ আদায় করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
এই ধরনের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে গত ২৪শে জুলাই কুমিল্লা ও নোয়াখালী থেকে অহিদ মিয়া ওরফে কুয়েত (২৪), মাহে আলম (২৭) ও মো. হাসান আলী (২০)-কে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া দুই আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
পিবিআইর তদন্তে জানা গেছে, প্রতারণার মাধ্যমে আদায়কৃত অর্থের একটি অংশ অহিদ মিয়া ওরফে কুয়েত নামক আসামীর ব্যবহৃত মোবাইল নম্বরে স্থানান্তরের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মাহে আলম তার নিজ জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত বিকাশ সিম ব্যবহার করে প্রধান অভিযুক্তকে প্রতারণামূলক কর্মকাণ্ডে সহায়তা করতেন।
প্রতারক চক্রটি পার্শ্ববর্তী দেশ ভারতেও একই ধরনের ভুয়া ফেসবুক পেজ পরিচালনা এবং ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। বাংলাদেশ-ভারত জাফলং সিমান্তে গিয়ে ভারতীয় সীম কিনে আসামীরা গুগল পে'র মাধ্যমে অর্থ বাংলাদেশে এনে আত্মসাৎ করত। তাদের অধিকাংশ গ্রাহক ভারতীয় নাগরিক।
চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।
হিন্দুদের ওপর সহিংসতা লক্ষ্যভিত্তিক নির্যাতনে রূপান্তরিত, দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
ছবির উৎস, Bangladesh Hindu Bouddha Christian Oikya Parishad
ছবির ক্যাপশান, জাতীয় প্রেস ক্লাবে সোমবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে করা একটি সংবাদ সম্মেলনে বিভিন্ন সহিংসতার তথ্য তুলে ধরা হয়
বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে, গত ২৩ মাস বা প্রায় দুই বছরের মধ্যে হিন্দু সম্প্রদায়ের উপর যে প্রায় তিন হাজার হামলার ঘটনা ঘটেছে, তার ৯১ শতাংশই ঘটেছে অন্তর্বর্তী সরকারের সময়। বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচ মাসেই ৭৩ দশমিক সাত শতাংশ হামলার ঘটনা ঘটেছে।
অন্যদিকে এই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিসাব তুলে ধরে পরিষদ দাবি করেছে, এখন হামলার ধরন বা সহিংসতা গণআক্রমণ থেকে লক্ষ্যভিত্তিক নির্যাতনে রূপান্তরিত হয়েছে। গত ছয় মাসে সারা দেশে ২৫৭টি সহিংসতার (আংশিক) ঘটনা ঘটেছে বলে পরিষদ দাবি করেছে।
সোমবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে করা একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০২৫ সাল ও ২০২৬ সালের প্রথম ছয় মাসে সহিংসতার ঘটনা প্রায় একই রকম রয়েছে। এর মধ্যে তুলনামূলকভাবে ২০২৬ সালে হত্যার শিকার, উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ, হামলা/হত্যার হুমকি/নির্যাতন, উপাসনালয়ের জমি দখল/দখলের চেষ্টা ২০২৫ সালের চেয়ে বেশি।
সেখানে বলা হয়েছে, ''২০২৪ সালের ৫ই অগাস্ট ৩১শে ডিসেম্বর- এ ৫ মাস, ২০২৫ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর- এ ১২ মাস এবং চলতি বছরের প্রথম ৬ মাস- এ ২৩ মাসের তুলনামূলক চিত্র সংবাদ সম্মেলনে তুলে ধরে বলা হয়, এ সময়ে সংঘটিত মোট ২৯৬৩টি ঘটনার ৭৩.৭% সংঘটিত হয়েছে ৫ আগস্ট পরবর্তী ৫ মাসে।''
''এ সময়কালটি ছিল ব্যাপক আকারের গণ সহিংসতার পর্যায়। হামলার মূল লক্ষ্য ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থাপনা। ২০২৫ সালে সংঘটিত হয়েছে মোট ঘটনার ১৭.৬%| ২০২৬ সালের প্রথম ছয় মাসে সংঘটিত হয়েছে মোট ঘটনার ৮.৭%। ২০২৪ সালের সহিংসতার মাত্রা ২০২৫ সালের তুলনায় প্রায় ৪.২ গুণ বেশি ছিল।''
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ''মোট সহিসংতার প্রায় ৭০% ছিল বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা; প্রায় ১০% ঘটনা ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে সংঘটিত হয়েছে; প্রতি ২১টি ঘটনায় গড়ে ১ জন মানুষ নিহত হয়েছে; প্রতি ১০টি ঘটনার মধ্যে প্রায় ১টি ধর্মীয় স্থাপনার উপর হামলা ছিল।''
গত তিন বছরের ঘটনার তুলনামূূলক পর্যালোচনা করে দাবি করা হয়েছে, পাঁচই অগাস্ট থেকে ১৮ মাসে মোট ঘটনার সংখ্য্যা কমলেও হত্যাকাণ্ড, নারী নির্যাতন, সম্পত্তি দখল এবং ধর্মঅবমাননার অভিযোগে হয়রানীর ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সহিংসতা গণআক্রমণ থেকে লক্ষ্যভিত্তিক নির্যাতনে রূপান্তরিত হয়েছে।
''২০২৬ সালের প্রথম ৬ মাসের তথ্যে দেখা যায় যে, সহিংসতার সামগ্রিক সংখ্যা স্থিতিশীল থাকলেও প্রাণহানি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার হার উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। ধর্মীয় স্বাধীনতা ও উপাসনার অধিকারের উপর সরাসরি আঘাত হানা হয়েছে এ সময়। এসব ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব ও নিরাপত্তার জন্যে দীর্ঘমেয়াদী হুমকি,'' হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সিজেপির মিছিলে লাঠিচার্জ নিয়ে দিল্লি পুলিশকে ভর্ৎসনা ভারতের সুপ্রিম কোর্টের
ছবির উৎস, Raj K Raj/Hindustan Times via Getty Images
ছবির ক্যাপশান, সিজেপির মিছিলে দিল্লি পুলিশের লাঠিচার্জ - ফাইল ছবি
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ জানিয়েছে যে, সংবিধান ভারতের নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দেয়।
প্রধান বিচারপতি সূর্য কান্ত মৌখিকভাবে উল্লেখ করেন, "মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন বলেই ঘটনাক্রম বিবেচনা না করে তাদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা যায় না।"
তিনি আরও বলেন, "শুধু দিল্লির বিষয় নয়, সারা দেশেই প্রটোকল অনুসরণ হওয়া প্রয়োজন, মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন বলেই লাঠিচার্জ করার যুক্তি নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শৃঙ্খলা গুরুত্বপূর্ণ।"
সিজেপির মিছিলে ২০শে জুলাই পুলিশের লাঠিচার্জের ঘটনায় সুপ্রিম কোর্টে প্রথম শুনানি হচ্ছে আজ। এর আগে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত ভিডিও-প্রমাণ নিয়ে এক আইনজীবী আপিল করলেও মামলা শুনতে রাজি হননি প্রধান বিচারপতি।
তিনি বলেছিলেন, "ভিডিও দেখিয়ে কোর্টের ও আপনার সময় নষ্ট করবেন না।"
তবে পরে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করেন যে, তিনি আসলে বলতে চেয়েছিলেন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে আপিল করতে। হঠাৎ করে একটি 'আর্জেন্ট হিয়ারিং' এর আবেদনে রাজি হননি তিনি।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার
ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
বাংলাদেশের সংবিধানের বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে নির্বাচন হবেন রাষ্ট্রপতি।
এর জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে। সেটার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে নির্বাচন কমিশন।
এরপরই ঘোষণা করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ই অগাস্ট
ছবির উৎস, Getty Images
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ই অগাস্ট।
আজ সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওইদিন সারাদেশে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, "সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং সাধারণ জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে।"
ফলাফল পাওয়ার নিয়ম পরবর্তীতে জানানো হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত
ছবির উৎস, Steph Chambers/Getty Images
ছবির ক্যাপশান, সিয়াটল স্পেস নিডল
যুক্তরাষ্ট্রের সিয়াটলের বার্ষিক ফুড ফেস্টিভ্যাল 'বাইট অব সিয়াটল' এ স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বন্দুকধারী হামলায় তিনজন নিহত হন। সেই সাথে আহত হয়েছেন অনেক মানুষ।
এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে, অন্য আরেকজন সন্দেহভাজন পালিয়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ প্রচণ্ড গোলাগুলি শুরু হলে তারা পালানোর এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগে পর পর অনেকগুলো গুলির শব্দ শুনতে পান।
কয়েকজন পরিস্থিতিটিকে 'সম্পূর্ণ বিশৃঙ্খলা' এবং 'বিপর্যয়কর' বলে বর্ণনা করেছেন।
সিয়াটলের সহকারী পুলিশ প্রধান টাইরন ডেভিস জানিয়েছেন, বন্দুকধারীর হামলায় দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন, অপরজনকে গুরুতর আহত অবস্থায় হার্বারভিউ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
সিয়াটলের মেয়র কেটি উইলসন এ হামলাকে 'অবিশ্বাস্য এক ট্রাজেডি' বলে বর্ণনা করে বলেছেন, শহরে বন্দুকধারীর হামলা বহুগুন বেড়ে গেছে। সর্বশেষ কয়েকদিনের মধ্যে তিনটি বড় বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
সিয়াটলের দমকল বিভাগ নিশ্চিত করেছে যে ঘটনাস্থল থেকে পাঁচ জন আহতের মধ্যে দুই বছরের এক শিশুসহ চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সিয়াটল সেন্টারের আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য সর্বসাধারণকে আহ্বান জানিয়েছে পুলিশ।
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, মামলায় গণহত্যার দুইটি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর
২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের 'গণহত্যার' অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, এই মামলায় গণহত্যার দুইটি অভিযোগ আনা হয়েছে। ৬১ জনকে হত্যার অভিযোগে এই গণহত্যার অভিযোগ দুটি আনা হয়েছে।
কারণ এখানে আইনানুযায়ী নির্দিষ্ট ইসলামী গোষ্ঠীকে লক্ষ্য করে 'গণহত্যা' চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে দুইদিনব্যাপী ঢাকার শাপলা চত্বর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জে এই 'গণহত্যার' ঘটনা ঘটে।
৬১ জন নিহতের মধ্যে ক্ষতিগ্রস্তদের পরিবারের পক্ষ থেকে ৫৮ জনের তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর।
এই মামলায় শেখ হাসিনা ছাড়াও হাসানুল হক ইনু, মহিউদ্দিন খান আলমগীর, র্যাবের সাবেক মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে।
মামলাটিতে আট আসামিকে গ্রেফতার দেখানো হবে।
তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একে এম শহীদুল হক, দীপুমনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপাসহ আটজনকে গ্রেফতার দেখানো হবে।
আর যারা পলাতক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার সারা দিন যা যা ঘটেছে
পদত্যাগের দু’দিন পর বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসায় উঠেছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।
সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে দেখা করে দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে এটা করতে গিয়ে তিনি যেন অন্যায়ের শিকার না হন, সে বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
লন্ডনে চিকিৎসারত অবস্থায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন, এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সংবিধানে রাষ্ট্রপতিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি আইনে মামলা করা যায় না।
জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে দেশটির পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আব্দুল বাল্লুত, যিনি লেবানন বংশোদ্ভূত একজন জার্মান নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করায় ইরানের দিক থেকেও আর কোনো পাল্টা হামলা চালানো হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।