৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস করলেন কারা?

ছবির উৎস, Getty Images
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ১২ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে এ দফায় উত্তীর্ণ হয়েছেন প্রায় ছয় হাজার ১৬৫ জন।
বৃহস্পতিবার এই ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার বিস্তারিত ফলাফল পিএসসি'র ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা।
পূর্বসূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভা আগামী ১০ই অগাস্ট শুরু হওয়ার কথা রয়েছে।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে প্রায় দুই হাজার ১৫০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা এক হাজার ৭৫৫টি, যেখানে প্রায় ৬৫০ জনই স্বাস্থ্য ক্যাডার, অর্থাৎ চিকিৎসকরা নিয়োগ পাবেন।
এছাড়া বাকিদের মধ্যে প্রশাসন ক্যাডারে দুইশ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা রয়েছে।








